News  সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এর ফার্স্ট লুকে আলোড়ন

 সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’-এর ফার্স্ট লুকে আলোড়ন

সোশ্যাল শেয়ার

বলিউডের আলোচিত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই বিতর্ক। ‘কবীর সিং’ ও ‘অ্যানিমেল’-এর পর এবার তার নতুন সিনেমা ‘স্পিরিট’ নিয়েও শুরু হয়েছে আলোচনা। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই সোশাল মিডিয়ায় হইচই।

নতুন বছরের শুরুতে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্টারটি শেয়ার করে ভাঙ্গা লেখেন, “নতুন বছরের প্রথম পোস্টারকে স্বাগত জানানো যাক।” পোস্টারে দেখা যায়, দীর্ঘ চুল ও দাড়ি নিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছেন প্রভাস। তার শরীরে শার্ট নেই, পিঠজুড়ে ক্ষতচিহ্ন ও ব্যান্ডেজ। ঠোঁটে সিগারেট, হাতে পানীয়র গ্লাস—সব মিলিয়ে চরিত্রটি যে সহিংস ও তীব্র, তা স্পষ্ট।

প্রভাসের পাশে হালকা রঙের শাড়িতে দেখা গেছে তৃপ্তি দিমরিকে। ভাঙ্গার আগের সিনেমার মতো এখানেও সহিংসতার ছাপ থাকবে বলে মনে করছেন অনেকে। সোশাল মিডিয়ায় কেউ লিখেছেন, “বড় ঝড় আসছে”, আবার কেউ মন্তব্য করেছেন, “সহিংসতার রাজা ফিরছেন।”

সিনেমাটিতে আরও অভিনয় করছেন বিবেক ওবেরয়, কঞ্চনা ও প্রকাশ রাজ। শোনা যাচ্ছে, প্রভাস এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে এবং তৃপ্তি তার প্রেমিকার ভূমিকায় থাকবেন। শুরুতে এই চরিত্রে দীপিকা পাড়ুকোনকে চূড়ান্ত করা হলেও পারিশ্রমিক ও কর্মঘণ্টা নিয়ে মতবিরোধে তিনি সিনেমাটি ছেড়ে দেন।

পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লেখা ও সম্পাদনার কাজও করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘স্পিরিট’ তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালম, মান্দারিন, জাপানি ও কোরিয়ান ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

সোশ্যাল শেয়ার