মধ্যপ্রাচ্য সংকটে নাটকীয় মোড়। ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি করে সামরিক হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত দুই দিনে গঠনমূলক আলোচনা হয়েছে। এর ভিত্তিতে ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে পাঁচ দিনের জন্য হামলা স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই সিদ্ধান্ত চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।
এর আগে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। না হলে জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এদিকে ইরানের পক্ষ থেকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের গালিবাফ বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ সংবাদমাধ্যম দাবি করেছে, গত দুই দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং ইরানের কঠোর অবস্থানের মুখে ট্রাম্প পিছু হটেছেন।