আমাদের পৃথিবীকে শীতল ও সজিব রাখতে বনভূমি বা রেইনফরেস্টের ভূমিকা অপরিসীম। বনভূমীর গাছপালা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নিজেদের কাণ্ড ও শাখায় জমা রাখে, যা কার্বন সিঙ্ক হিসেবে পরিচিত।সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে গাছ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের একটি বড় অংশ শোষণ করে।
কিন্তু নতুন একটি গবেষণায় পাওয়া গেছে, অস্ট্রেলিয়ার একটি রেইনফরেস্ট এখন ঠিক তার উল্টো কাজ করছে। এটি এখন কার্বন শোষণের চেয়ে বেশি নিঃসরণ করছে, যা চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের।
বিখ্যাত বিজ্ঞান জার্নাল ‘নেচার , গত ১৫ অক্টোবর এ প্রকাশিত এই গবেষণায় অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের প্রায় ১১ হাজার গাছের ওপর চালানো প্রায় ৫০ বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন, এই বনের কাষ্ঠল জৈববস্তু, যা সাধারণত বিপুল পরিমাণ কার্বন ধরে রাখে, এখন শোষণের চেয়ে বেশি কার্বন বাতাসে ছাড়ছে।প্রকৃতির এই পরিবর্তন শুরু হয়েছে প্রায় ২৫ বছর আগে বলে গবেষকরা মনে করছেন।
এটিই বিশ্বের প্রথম কোনো রেইনফরেস্ট, যা কার্বন শোষক থেকে কার্বন উৎসে পরিণত হওয়ার দৃষ্টান্ত স্থাপন করল। গবেষকরা বলছেন, এই পরিস্থিতি ভবিষ্যতে কার্বন শোষণের জন্য বনাঞ্চলের ওপর আমাদের নির্ভরতাকে প্রশ্নের মুখে ফেলবে।