মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্দান্ত এক জয়ে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১১৪ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জয় তুলে নেয় ইফতারের আগেই, মাত্র ১৫ দশমিক ১ ওভারে। পাকিস্তান ইনিংসের শুরুটা ভালো হলেও পরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পেসার নাহিদ রানা। নিজের প্রথম পাঁচ ওভারের প্রতিটিতেই একটি করে উইকেট নিয়ে তিনি গড়ে তোলেন রেকর্ড। শেষ পর্যন্ত ৭ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন নাহিদ।
তার পাশাপাশি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানও একটি করে উইকেট পান। এতে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তাদের ৮২ রানের জুটি ম্যাচটাকে একতরফা করে দেয়। নাজমুল করেন ২৭ রান, আর তানজিদ হাসান ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে তানজিদ নিশ্চিত করেন জয়। পাকিস্তানের বিপক্ষে এত বেশি ওভার হাতে রেখে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়।