রাজধানীর কয়েকটি এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাস পাইপলাইনের জরুরি নির্মাণকাজের কারণে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেসার্স বেঙ্গল ইন্ডিগো লিমিটেডের সার্ভিস লাইন নির্মাণকাজের জন্য আব্দুল্লাহপুর, উত্তরা ও টঙ্গী এলাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন উত্তরা, উত্তরখান ও দক্ষিণখান এলাকার সকল শ্রেণির গ্রাহক।
শুধু তাই নয়, আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। তিতাস গ্যাস সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, কাজ শেষ হলেই দ্রুত সরবরাহ স্বাভাবিক করা হবে। রান্না বা বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহারকারীদের বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।