বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এবার দেখা যেতে পারে জনপ্রিয় হলিউড অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তিতে—এমন জল্পনাই এখন তুঙ্গে। দ্য হলিউড রিপোর্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজে ডোমিনিক টোরেটো চরিত্রে পরিচিত অভিনেতা ভিন ডিজেল সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। আর সেখান থেকেই শুরু হয় নতুন করে আলোচনা।
প্রথমে ওই পোস্টের ক্যাপশনে ভিন ডিজেল লেখেন, এক সময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সিক্যুয়েল ‘লস বানডোলেরস’-এ তার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি আর বাস্তবায়িত হয়নি।
কিন্তু বিষয়টি নতুন মোড় নেয় যখন ভক্তরা লক্ষ্য করেন—ভিন ডিজেল পরবর্তীতে সেই ক্যাপশন সামান্য পরিবর্তন করেছেন। নতুন ক্যাপশনে লেখা হয়, “সবাই জানতে চাইছে, সে কি ‘ফাস্ট’ মিথোলজির অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি—সে একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম।”
এই পরিবর্তনই যেন আগুনে ঘি ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই কমেন্ট সেকশনে শুরু হয় তুমুল আলোচনা। অনেকেই মনে করছেন, অবশেষে কি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর জগতে পা রাখতে চলেছেন ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো?
ভিন ডিজেলের ওই একটি পোস্ট ঘিরেই এখন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ কি সত্যিই রোনালদোর দেখা মিলবে? কেউ কেউ আবার কল্পনায় ভাসছেন, তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন তা নিয়ে। অধিকাংশ প্রতিক্রিয়াই ছিল ইতিবাচক এবং এই আইকনিক অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে রোনালদোকে দেখার আগ্রহে ভরপুর।
তবে এখনো পর্যন্ত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিনয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে পুরো বিষয়টি আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
জানা গেছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’-ই হতে পারে এই দীর্ঘদিনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা। এতে ভিন ডিজেলের পাশাপাশি ফেরার কথা রয়েছে ডোয়াইন জনসন (হবস), জেসন মোমোয়া (ডান্তে রেয়েস) এবং জেসন স্ট্যাথাম (ডেকার্ড শ)-এর।
এছাড়াও প্রয়াত অভিনেতা পল ওয়াকারকে (ব্রায়ান ও’কনার) কোনোভাবে গল্পে ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে, যদিও বিষয়টি কীভাবে বাস্তবায়িত হবে, তা এখনো স্পষ্ট নয়।
এখনো পর্যন্ত ছবিটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের ধারণা, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ মুক্তি পেতে পারে ২০২৭ সালের এপ্রিল মাসে।