News খালেদা জিয়ার এয়ার এম্বুল্যান্সটি আগামীকাল ঢাকায় আসবে

খালেদা জিয়ার এয়ার এম্বুল্যান্সটি আগামীকাল ঢাকায় আসবে

সোশ্যাল শেয়ার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটি আগামীকাল মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পেয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেন।

তবে খালেদা জিয়ার লন্ডনে যাওয়া সম্পূর্ণ নির্ভর করছে তার বর্তমান শারীরিক অবস্থার ওপর। ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও শনিবার জানান, তার শারীরিক অগ্রগতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বিদেশ ভ্রমণের উপযোগী কি না।

রাগীব সামাদ জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামবে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর বিমানটি ঢাকা থেকে লন্ডনের পথে রওনা দিতে পারবে।

বেবিচকের সূত্র বলছে, এফএআই এভিয়েশন গ্রুপ গত শনিবার যে আবেদন জমা দেয়, তাতে মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং বুধবার লন্ডনের উদ্দেশে উড্ডয়নের প্রস্তাবিত সময়সূচি দেওয়া ছিল।

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা ও বিদেশযাত্রা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চিকিৎসকেরা তার সর্বশেষ অবস্থা দেখে বিদেশ পাঠানোর সম্ভাব্য সময় আরও দুদিন পিছিয়ে দিয়েছেন। দীর্ঘ যাত্রার ঝুঁকি বিবেচনায় নেওয়া এই সিদ্ধান্তও পুরোপুরি নির্ভর করছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার পরিবর্তনের ওপর।

সূত্রটি আরও জানায়, গতকাল রাত পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে—তার অবস্থায় তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি বা অবনতি নেই; পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল।

মেডিকেল বোর্ড–সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানায়, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুস–সংক্রান্ত জটিলতাগুলো কখনো নিয়ন্ত্রণে থাকলেও হঠাৎই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে তাকে স্থিতিশীল বলা যাচ্ছে না। সর্বশেষ পরীক্ষায় কিডনি ও ফুসফুসে কিছুটা উন্নতি দেখা গেলেও তা সার্বিক ঝুঁকি কমানোর জন্য যথেষ্ট নয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন।

এই অনিশ্চয়তার কারণে বিদেশ যাত্রার সম্ভাব্য সময়সূচিও বারবার পরিবর্তিত হচ্ছে। শুরুতে বিএনপি জানায়, ৫ ডিসেম্বর ভোরে তাকে লন্ডনে নেওয়া হবে। পরে সময় বদলে ৭ ডিসেম্বর করা হয়। এরপর নতুন সূচিতে ৯ ডিসেম্বর যাত্রার সম্ভাবনা জানানো হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অনিশ্চয়তায় সেটিও পিছিয়ে যায়।

সোশ্যাল শেয়ার