News খালেদা জিয়ার চিকিৎসায় এসেছে বিদেশি টিম

খালেদা জিয়ার চিকিৎসায় এসেছে বিদেশি টিম

সোশ্যাল শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে টিমটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই তারা খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবেন।

মেডিকেল বোর্ডের মতে, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে অতিরিক্ত বিশেষজ্ঞ মতামত এখন অত্যন্ত জরুরি। আরও জানা গেছে, বিদেশি চিকিৎসকদের মধ্যে বেশিরভাগই চীনা নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সকালে ডা. রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ। আমাদের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

অন্যদিকে, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, তিনি বর্তমানে সিসিইউতে আছেন এবং আগের মতোই চিকিৎসা চলছে। তিনি সতর্ক করে বলেন, খালেদা জিয়ার বিষয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে—এগুলোতে কেউ যেন বিভ্রান্ত না হয়। রিজভীর ভাষায়, “যদিও তিনি সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছেন, গুরুতর অসুস্থ; তবে গতকাল যেভাবে ছিলেন আজও অবস্থার খুব বেশি পরিবর্তন নেই।”

৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি একই হাসপাতালে ভর্তি হয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাতায়াত করছিলেন।

সোশ্যাল শেয়ার