নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে স্টার সিনেপ্লেক্স আয়োজন করেছে বিশেষ উৎসব ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’। ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রাজধানীর সীমান্ত সম্ভার, সনি স্কয়ার ও সামরিক জাদুঘর শাখায় চলবে এই আয়োজন।
এ সময় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা— ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ এবং ‘দারুচিনি দ্বীপ’। দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার: একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি।
‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করেছিলেন তৌকীর আহমেদ, আর ‘ঘেটুপুত্র কমলা’ ছিল হুমায়ূন আহমেদের শেষ পরিচালনা। আয়োজকদের পক্ষে থেকে জানা যায়— ‘হুমায়ূন আহমেদের সিনেমা মানেই ভিন্নরকম এক আনন্দ। নতুন করে আবারও দর্শকদের সেই আনন্দ উপভোগের সুযোগ করে দিতে পেরে আমরাও আনন্দিত।”
সংশ্লিষ্টরা মনে করেন- ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় এই আয়োজন হয়ে উঠবে প্রিয় লেখকের স্মৃতির প্রতি এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি।