দেশের আকাশে দেখা গেছে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের চাঁদ। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
দেশের ৬৪ জেলা থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে আজ এশার নামাজের পর তারাবিহ আদায় করবেন মুসল্লিরা। রাতেই শুরু হবে রমজানের আমেজ—ভোরে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় সেখানে আজ থেকেই রমজান শুরু হয়েছে। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে মসজিদ ও বাজারগুলো। এখন সবার কণ্ঠে একটাই ধ্বনি—মাহে রমজান মোবারক।