চিকেন খেতে ভালোবাসেন কিন্তু প্রতিদিনের একই ঝোল বা কারি আর মন ভরাচ্ছে না? সপ্তাহের শেষে চাই একটু ভিন্ন স্বাদ—ঠিক তাদের জন্যই আছে ঝাঁজালো ও সতেজ চিকেন ইন লেমন সস। লেবুর হালকা টক সুবাস আর ক্রিমি ফিনিশিংয়ে তৈরি এই পদ একবার খেলে আবার বানাতে ইচ্ছে হবেই। চিকিৎসকদের মতে, পরিমিতভাবে চিকেন খাওয়ায় সমস্যা নেই। তাই স্বাস্থ্য সচেতন হয়েও উইকেন্ডে চমকে দিতে পারেন পরিবারকে নতুন স্বাদে।
যা লাগবে: সিদ্ধ মুরগি ১ কেজি, পেঁয়াজ ১টি, তেজপাতা ১টি, সরষের তেল, ময়দা ১ টেবিল চামচ, মুরগির স্টক ২৭৫ গ্রাম, লেবুর রস ১ টেবিল চামচ, ডিমের কুসুম ২টি, ক্রিম আধা চামচ, মাখন ১০০ গ্রাম, সাজানোর জন্য টমেটো, শসা ও পার্সলে।
প্রণালি: মুরগি তেজপাতা ও পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে স্টক আলাদা রাখুন। প্যানে মাখন গলিয়ে ময়দা ও স্টক ধীরে ধীরে মেশান, এরপর দিন লেবুর রস। এরপর ডিমের কুসুম ও ক্রিম হালকা আঁচে মিশিয়ে পাঁচ মিনিট রান্না করুন। সামান্য ঠান্ডা হলে মুরগির ওপর সস ঢেলে পার্সলে, টমেটো ও শসা সাজিয়ে পরিবেশন করুন।
গরম ভাত, রুটি বা বাটার নানের সঙ্গে এই রেসিপিটি জমে একেবারে দুর্দান্ত। উইকেন্ডের টেবিলে লেমন সস চিকেন রাখলে স্বাদে মিলবে নতুন চমক।