বাংলাদেশের নতুন সরকারকে নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষণ—অর্থনীতি কি হবে সবচেয়ে বড় পরীক্ষা? বিশ্বখ্যাত সাময়িকী টাইম তাদের বিশ্লেষণে বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক সাফল্য নির্ভর করবে অর্থনীতি পুনরুজ্জীবিত করার ওপর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সামনে বড় চ্যালেঞ্জ—৪ শতাংশ প্রবৃদ্ধির অর্থনীতিকে ৯ শতাংশে তোলা। বিএনপি ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্মসংস্থান, দুর্নীতি, উচ্চ সুদহার, খাদ্যমূল্য—সব মিলিয়ে তরুণ প্রজন্মের অসন্তোষ সহজে কমবে না। কৃষি খাতে মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রণ, লজিস্টিক উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়ানো জরুরি। রেমিট্যান্সকে বলা হয়েছে অর্থনীতির লাইফলাইন—তিন মাসে ৭.৫ বিলিয়ন ডলার প্রবাসী আয়, যা আইএমএফ প্যাকেজের সমান। ভূ-রাজনীতিতেও বড় পরীক্ষা—চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভারবিন্দু ঠিক রাখা, ভারত সম্পর্কের টানাপড়েন সামাল দেওয়া এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা। সব মিলিয়ে প্রশ্ন একটাই—অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে তো?