ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে ঘিরে তেহরান ও ওয়াশিংটনের উত্তেজনা পৌঁছেছে চূড়ায়। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বিদ্রুপাত্মক কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিসরীয় মমির কফিনে একটি ভঙ্গুর মূর্তিরূপে দেখানো হয়েছে। পটভূমিতে রয়েছে পিরামিড ও হায়ারোগ্লিফিক লিপি। পোস্টের বার্তায় খামেনি ট্রাম্পকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, রেজা শাহ পাহলভির মতো ক্ষমতাধর স্বৈরাচারীরাও শেষ পর্যন্ত পতনের হাত থেকে রেহাই পায়নি।মূলত ইরানে ১৬ দিন ধরে চলা বিক্ষোভে ৫০০-এর বেশি মানুষের মৃত্যুর ঘটনায় ট্রাম্পের ‘জনগণকে মুক্ত করার’ মন্তব্য ও সেনা পাঠানোর হুমকির প্রতীকী জবাব হিসেবেই এই কার্টুন প্রকাশ করা হয়েছে।
এদিকে মার্কিন গণমাধ্যম জানাচ্ছে, ইরানের বিরুদ্ধে সাইবার হামলা, কঠোর নিষেধাজ্ঞা বা সামরিক অভিযানের বিকল্প বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আলোচনার আগেই বড় সিদ্ধান্ত আসতে পারে। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দুই পক্ষের এই বাগযুদ্ধে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের আশঙ্কা বাড়ছে।