ঢাকার আকাশ আজ সোমবার সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল। শীতের আমেজ থাকলেও গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার সকালে এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৭ ডিগ্রি।
আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের বেলা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭২ শতাংশ।
শহরের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে মৃদু বাতাস বইতে পারে। আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে। আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে। তীব্র শীতের প্রকোপ কমে রোদের তেজ বাড়ায় জনজীবনে ফিরেছে কিছুটা স্বস্তি। তবে ভোরের দিকে কুয়াশা ও মৃদু হিমেল বাতাস থাকতে পারে।