ঢাকার উত্তরা-টঙ্গী সেতুর কাছে তিতাস গ্যাসের একটি শিল্প সংযোগ লাইনের ভাল্ভ বিস্ফোরিত হওয়ায় উত্তরা, উত্তরখান ও দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চচাপের কারণে শিল্প সংযোগের ভাল্ভটি ফেটে গিয়ে গ্যাস বের হতে শুরু করে। জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তিতাস কর্তৃপক্ষ উত্তরার ১২ ইঞ্চি ব্যাসের মূল বিতরণ লাইনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ দ্রুত গতিতে চলছে। মেরামত কাজ শেষ হওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
গত ১০ জানুয়ারি তুরাগ নদীর তলদেশে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়া এবং মিরপুর রোডে ভাল্ভ বিস্ফোরণের ফলে রাজধানীর বড় একটি অংশে আগে থেকেই গ্যাস সংকট চলছিল। নতুন এই দুর্ঘটনার ফলে গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে। এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।