গাজায় ইসরাইলি বর্বরতা থামছেই না। নতুন করে আরও ৯৮ জন নিহত হওয়ার মধ্য দিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়াল ৬৫ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—শুধু মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে এসেছে ৯৮ জনের মরদেহ ও ৩৮৫ জন আহত মানুষ। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা।
২০২৩ সালের অক্টোবর থেকে আইডিএফের অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬২ জনে, আহত হয়েছেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি। এমনকি ত্রাণ সংগ্রহ করতেও নিরাপদ নন ফিলিস্তিনিরা। গত ২৭ মে থেকে ইসরাইলি সেনাদের গুলিতে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজার ৫০৪ জন, আহত হয়েছেন আরও ১৮ হাজারের বেশি।
খাদ্য অবরোধে গাজায় ছড়িয়ে পড়েছে ক্ষুধা ও অপুষ্টি। শুধু বুধবারই চারজন মারা গেছেন অনাহারে। গত দুই বছরে ক্ষুধা ও অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন ৪৩২ জন, যাদের মধ্যে ১৪৬ শিশু। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় বহুবার হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে। কিন্তু রক্তপাত—এখনও থামেনি।