দুয়ার খুললো বাঙালির প্রাণের উৎসব! আনুষ্ঠানিকভাবে শুরু হলো অমর একুশে বইমেলা ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পরপরই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এবারের প্রতিপাদ্য—‘বহুমাত্রিক বাংলাদেশ’। প্রধানমন্ত্রী বইমেলাকে শিক্ষা ও সংস্কৃতি বিকাশের সূতিকাগার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা, আর ছুটির দিনে সকাল ১১টা থেকেই প্রবেশ করা যাবে। রাত সাড়ে ৮টার পর নতুন প্রবেশ বন্ধ থাকবে।
এ বছর অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। মোট ইউনিট ১,০১৮টি। থাকছে লিটল ম্যাগাজিন চত্বর, শিশুপ্রহর, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন। নিরাপত্তায় রয়েছে সিসিটিভি ও ডিএমপির কড়া নজরদারি। প্রধানমন্ত্রীর বার্তা—ইন্টারনেট আসক্তি কাটিয়ে বইয়ের পাতায় ফিরুক তরুণ সমাজ।