News দেশের ৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে ভাইরাস : আইইডিসিআরের কড়া সতর্কবার্তা

দেশের ৩৫ জেলায় ছড়িয়ে পড়েছে ভাইরাস : আইইডিসিআরের কড়া সতর্কবার্তা

সোশ্যাল শেয়ার

দেশে নিপাহ ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ধরন উদ্বেগজনকভাবে পরিবর্তিত হচ্ছে বলে জানিয়েছে আইইডিসিআর। বুধবার এক মতবিনিময় সভায় জানানো হয়, বর্তমানে দেশের ৩৫টি জেলায় এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।

বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সাল ছিল নিপাহর ইতিহাসে একটি সতর্কবার্তার বছর। গত বছর শনাক্ত হওয়া চারজন রোগীর সবাই মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নওগাঁর একটি ঘটনা স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলেছে; কারণ এটি ছিল দেশের প্রথম ‘অ-মৌসুমি কেস’। শীতকাল ছাড়াই আগস্ট মাসে ৮ বছরের এক শিশু এতে আক্রান্ত হয়। অনুসন্ধানে দেখা গেছে, খেজুরের রসের বদলে বাদুড়ের আধা-খাওয়া ফল (কালোজাম, আম) খাওয়ার মাধ্যমে সে সংক্রমিত হয়েছিল। এটি প্রমাণ করে যে নিপাহ এখন আর শুধু শীতকালীন বা রসের মধ্যে সীমাবদ্ধ নেই।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন জানান, আগে কেবল কাঁচা রসকে প্রধান উৎস ভাবা হলেও এখন সারাবছরই সংক্রমণের ঝুঁকি রয়েছে। এছাড়া আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রমণের হার প্রায় ২৮ শতাংশ, যা স্বাস্থ্যকর্মী ও পরিবারের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। গত ২০২৪ ও ২০২৫ সালের শতভাগ মৃত্যুহার এবং নতুন সংক্রমণের পথ মোকাবিলায় সারা দেশে নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো আধা-খাওয়া ফল বা কাঁচা রস পান করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


সোশ্যাল শেয়ার