বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর জন্য হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা গেছে, সোমবার গভীর রাত ২টা থেকে হাসপাতালের প্রধান ফটকের সামনে পুলিশ ব্যারিকেড স্থাপন করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া সেখানে কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, রোগী ও তাদের স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, হাসপাতালের আশপাশে ভিড় নিয়ন্ত্রণ এবং খালেদা জিয়ার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগেই সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করে।
৮০ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিবিদ লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।