নির্ঘুম রাত কি ধীরে ধীরে ঠেলে দিচ্ছে আপনাকে মৃত্যুঝুঁকির দিকে? চিকিৎসক ও গবেষকদের সতর্কবার্তা—পর্যাপ্ত ঘুমের অভাব মানবদেহ ও মনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। এর কম হলে প্রথম আঘাত আসে মস্তিষ্কে।
নির্ঘুম অবস্থায় মনোযোগ কমে যায়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয় এবং স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হয়। ফলে কর্মক্ষেত্রে ভুল বাড়ে, বাড়ে দুর্ঘটনার ঝুঁকিও। শুধু মানসিক নয়, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ভয়াবহ প্রভাব ফেলে কম ঘুম। নিয়মিত কম ঘুম হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে ডায়াবেটিসের আশঙ্কাও বৃদ্ধি পায়। একই সঙ্গে কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা।
ফলে সহজেই সর্দি-কাশি থেকে শুরু করে জটিল সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন ঘুমের অভাব বিষণ্নতা, উদ্বেগ ও খিটখিটে মেজাজ তৈরি করে। চিকিৎসকদের পরামর্শ—নিয়মিত ঘুমের সময় মেনে চলুন, ঘুমের আগে স্ক্রিন ব্যবহার কমান, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। কারণ সুস্থ জীবনের প্রথম শর্ত—পর্যাপ্ত ঘুম।