News প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে পোপ লিও

প্রথমবারের মতো মসজিদ পরিদর্শনে পোপ লিও

সোশ্যাল শেয়ার

তুরস্কের ইস্তাম্বুলে নীল মসজিদ পরিদর্শন করছেন পোপ লিও

পোপ লিও চতুর্দশ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তুরস্কের একটি মসজিদ পরিদর্শন করেছেন। গতকাল শনিবার তিনি ইস্তাম্বুলের ঐতিহাসিক নীল মসজিদ—সুলতান আহমেদ মসজিদ—ঘুরে দেখেন। সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তিনি জুতা খুলে মসজিদের ভেতরে প্রবেশ করলেও সেখানে কোনো প্রার্থনা করেননি। সপ্তদশ শতাব্দীর অটোমান স্থাপত্যের এ মসজিদ ফিরোজা রঙের সিরামিক টাইলসের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

স্থানীয় মুসলিম নেতাদের সঙ্গে মসজিদের আঙিনা ঘুরে দেখার পর পোপ লিও পুরো মসজিদ পরিদর্শন করেন। মসজিদের মুয়াজ্জিন আশগিন তুনকা জানান, তিনি পোপকে প্রার্থনার সুযোগ দিতে চেয়েছিলেন। তবে পোপ জানান, তিনি শুধু পরিদর্শন করবেন।

এ সফরের পর ভ্যাটিকান প্রেস অফিস ভুলবশত একটি বিবৃতি পাঠায়, যেখানে বলা হয়—পোপ মসজিদে প্রার্থনা করেছেন এবং তুরস্কের ধর্মীয় দপ্তরের প্রধান তাঁকে স্বাগত জানিয়েছেন। পরে ভ্যাটিকান স্বীকার করে যে এটি ভুল তথ্য ছিল।

পোপ লিও নীল মসজিদে যাওয়া তৃতীয় পোপ। ২০১৪ সালে পোপ ফ্রান্সিস সেখানে দুই মিনিট নীরব প্রার্থনা করেন। ২০০৬ সালে পোপ বেনেডিক্ট ষোড়শও একই মসজিদে প্রার্থনা করেছিলেন, যা ইতিহাসে কোনো পোপের প্রথম মসজিদে প্রার্থনা হিসেবে বিবেচিত হয়। এরও আগে ২০০১ সালে পোপ জন পল দ্বিতীয় সিরিয়ার একটি মসজিদ পরিদর্শন করেছিলেন। গত ছয় দশক ধরে ক্যাথলিক চার্চ মুসলিম বিশ্বের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে আসছে।

শনিবার বিকেলে পোপ লিও তুরস্কের স্থানীয় খ্রিষ্টান চার্চ নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরে সেন্ট জর্জের প্যাট্রিয়ার্কাল চার্চে প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ প্রথমের সঙ্গে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বিভিন্ন ধর্মের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান জানান।

 

সোশ্যাল শেয়ার