আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং–সংক্রান্ত সর্বশেষ তথ্যে দেখা যায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত মোট ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ এবং ১৪ হাজার ৭৯৯ জন নারী।
এই প্রথমবারের মতো আইটি–নির্ভর পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অ্যাপে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
যে দেশগুলোতে এই নিবন্ধন চলছে, তার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।
ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালট পূরণ করে ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। প্রবাসীদের মধ্যে ৫০ লাখ ভোটারকে যুক্ত করার লক্ষ্য নিয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।