দেশব্যাপী চলা প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে শনিবার (৬ ডিসেম্বর) শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যৌথভাবে বিজ্ঞপ্তিতে জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হলো। পরীক্ষা চলাকালীন সময়ে সহকারী শিক্ষকরা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরিচালনা করবেন। এছাড়া উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি প্রকাশ করা হবে।
গত ৩ ডিসেম্বর থেকে দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন। দাবি অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি হলেও ২২ দিন পার হওয়া পর্যন্ত তিন দফা দাবিতে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
শিক্ষকদের মূল তিন দাবি ছিল:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের পরিবর্তে আপাতত ১১তম গ্রেড জারি।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূরীকরণ।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
শিক্ষকরা আশা করেন, স্থগিতকৃত কর্মসূচি শিক্ষার্থীদের শিক্ষাগত স্বার্থ রক্ষা করবে এবং দাবি বাস্তবায়নের প্রক্রিয়ায় আরও সমাধান গতি পাবে।