মার্কসবাদী-লেনিনবাদি কমিউনিস্ট বিপ্লবী বদরুদ্দীন উমরকে স্মরণ করতে গিয়ে নেতারা বললেন— তিনি ছিলেন অদম্য, আপসহীন, সংগঠনের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ এক সংগ্রামী। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে শোকসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিপ্লব তখনই সফল হয়, যখন থাকে সংগঠন। উমরের জীবন সেই শিক্ষার জীবন্ত দৃষ্টান্ত।
অধ্যাপক আনু মুহাম্মদ বললেন— তার বুদ্ধিবৃত্তিক বিকাশ তাকে এনেছিল বিপ্লবী রাজনীতিতে। মাহামুদুর রহমান মান্না বললেন— শতাধিক বই লিখে উমর রেখে গেছেন দিশা। আর অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, ভীতি বা মোহ কোনোদিন তাকে গ্রাস করতে পারেনি।
বাসদের কমরেড খালেকুজ্জামান স্মরণ করলেন— কমরেড উমর কখনো সুবিধাবাদের পথে হাঁটেননি। তিনি ছিলেন সংগ্রামী জীবনের আপনজন। শোকসভায় প্রদর্শিত হয় ডকুমেন্টারি, গাওয়া হয় কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত। উপস্থিত ছিলেন সিপিবি’র রুহিন হোসেন প্রিন্স, গণসংহতির জোনায়েদ সাকি এবং আরও অনেকে। কমরেড বদরুদ্দীন উমর— চিন্তার আলো, সংগ্রামের গান, প্রজন্মের দিশা হয়ে থাকবেন তিনি।