চলতি অর্থবছরের শুরুতে যেখানে সরকার ব্যাংক ঋণ পরিশোধে মনোযোগী ছিল, সেখানে সাম্প্রতিক মাসগুলোতে উল্টো চিত্র দেখা যাচ্ছে। সরকারের ব্যাংক থেকে ঋণ নেওয়ার হার দ্রুত বাড়ছে।গত ৪ জানুয়ারি পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ হাজার কোটি টাকা। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যাংক ব্যবস্থায় সরকারের মোট ঋণস্থিতি ছাড়িয়েছে ৬ লাখ ১০ হাজার ৬৬১ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণ ১ লাখ ২২ হাজার ৪২৯ কোটি টাকা এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ৪ লাখ ৮৮ হাজার ২৩২ কোটি টাকা।সবচেয়ে বেশি ঋণ নেওয়া হয়েছে গত দুই মাসে।
বিশ্লেষকদের মতে, পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান এবং সরকারের পরিচালন ব্যয় বৃদ্ধিই এর বড় কারণ। চলতি অর্থবছরে ব্যাংক থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪ হাজার কোটি টাকা। অথচ অর্থবছরের অর্ধেক সময় পেরোনোর আগেই এই লক্ষ্যের বড় একটি অংশ ইতোমধ্যে নেওয়া হয়ে গেছে। এদিকে, সঞ্চয়পত্র থেকেও সরকারের ঋণ কিছুটা বেড়েছে। রাজস্ব আয় প্রত্যাশা অনুযায়ী না হওয়ায়, ব্যয় মেটাতে সরকারকে আরও বেশি নির্ভর করতে হচ্ছে ব্যাংক খাতের ওপর।