বাংলাদেশের প্রেমে পড়ে এক দশকেরও বেশি সময় ধরে এ দেশকে আপন করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। ফুটবলপ্রেমী এ দম্পতি ও তাঁদের পাঁচ সন্তানকে সম্প্রতি টিভি পর্দায় বাংলাদেশ–ভারত ম্যাচে লাল-সবুজ সাজে উল্লাস করতে দেখা যায়। সবাই বাংলা ভাষায় কথা বলেন, এমনকি সন্তানদের নামও বাংলা—আনন্দ, হাসি, খুশি, সুখী ও মিষ্টি।
২০১৩ সালে উন্নয়ন সংস্থার চাকরিতে প্রথম বাংলাদেশে আসেন জ্যাকব–জয়া। ছয় বছর থাকার পর ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেও সেখানে মন টেকেনি তাঁদের। করোনাকালে বাংলাদেশে ব্যবসার পরিকল্পনা করেন এবং ২০২২ সালে ফের পরিবার নিয়ে ফিরে আসেন। ঢাকার গুলশানে জ্যাকবের কাউন্সেলিং সেন্টার এবং ‘অ্যাকশন–জয় এন্টারপ্রাইজ লিমিটেড’ নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে তাঁদের। ফরিদপুরের প্রায় ৫০০ সুবিধাবঞ্চিত নারীর তৈরি ব্যাগ, ওয়ালেটসহ নানা সামগ্রী কিনে যুক্তরাষ্ট্রে বিক্রি করেন তাঁরা। স্থায়ীভাবে কর্মরত আছেন ৪০ জন।
বাংলাদেশে প্রথম আসার সময় জয়া সংস্কৃতি ও ভাষাগত পার্থক্যে অস্বস্তি বোধ করলেও ফরিদপুরে যৌনপল্লির নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে বদলে যায় দৃষ্টিভঙ্গি। এখন ঢাকায় থাকলেও মন পড়ে গ্রামে। দম্পতির স্বপ্ন—বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে ফরিদপুরে বাড়ি করে এখানেই বাকি জীবন কাটানো।