রাজধানীর দক্ষিণ বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার লিলি হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তি হোটেল কর্মচারী মোহাম্মদ মিলন মল্লিক। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, প্রেমঘটিত বিরোধ ও ক্ষোভ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে মিলন।
র্যাব জানায়, মিলনের সঙ্গে লিলির আগে সুসম্পর্ক ছিল। ঘটনার দিন তারা একসঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে লিলি তাতে অস্বীকৃতি জানায়। এ সময় লিলি তাকে উদ্দেশ করে বলে, রেস্তোরাঁ মালিকের মেয়ে হয়ে সে কোনো কর্মচারীর সঙ্গে যাবে না। এমনকি তুচ্ছতাচ্ছিল্য করে ‘বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াও’ বলেও মন্তব্য করে। এই প্রত্যাখ্যান ও অপমান সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে মিলন লিলিকে হত্যা করে বলে জানিয়েছে র্যাব।
গত শনিবার দুপুরে দক্ষিণ বনশ্রীর প্রীতম ভিলার একটি বাসা থেকে লিলিকে গলায় ধারালো অস্ত্রের আঘাত ও রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। নিহতের বোনের অভিযোগের ভিত্তিতে খিলগাঁও থানায় মামলা হয়। পরে র্যাব ছায়াতদন্ত চালিয়ে ঘাতককে গ্রেপ্তার করে। মামলার বিস্তারিত তদন্ত এখনও চলমান।