সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাটাখালী বাজার এলাকায় সহিংসতার সূত্রপাত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি রমিজ উদ্দিন মাস্টার এবং পাভেল আহমেদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রমিজ উদ্দিন মাস্টারের অভিযোগ, আওয়ামী লীগের দোসররা দলে অনুপ্রবেশ করে পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অন্যদিকে, পাভেল আহমেদের দাবি—পুলিশের অনুমতি নিয়ে সভা চলাকালীন রমিজ উদ্দিনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
তবে বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলছেন ভিন্ন কথা। তার মতে, এটি মূলত বাজারসংক্রান্ত গোষ্ঠীগত দ্বন্দ্বের ফল। তিনি জানান, সংঘর্ষে ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।