২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড— বিসিবি এই আবেদন করলেও ভারতীয় বোর্ড বিসিসিআই জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার একমাত্র আইসিসির। মুম্বাইয়ে বিসিসিআইয়ের বৈঠকের পর সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ইভেন্ট সমন্বয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশের অংশগ্রহণ ও ভেন্যু পরিবর্তনের বিষয়টি পুরোপুরি আইসিসির অধীনে।
মূলত পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষাপটে নিরাপত্তার প্রশ্ন তুলে এই অনুরোধ জানায় বাংলাদেশ সরকার ও বিসিবি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই আসরে বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির মুখোমুখি হবে।
ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচ দুটি কলকাতার ইডেন গার্ডেনে এবং নেপালের বিপক্ষে ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি তাদের উদ্বেগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছে। বাংলাদেশের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা পরিকল্পনা ঢেলে সাজানো হচ্ছে বলেও জানানো হয়।