২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস বাকি থাকলেও ভেন্যু নিয়ে জটিলতা কাটছে না। ভারতে টাইগারদের নিরাপত্তাঝুঁকি থাকায় বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল বিসিবি। এই ইস্যুকে কেন্দ্র করে সরগরম ক্রিকেটবিশ্ব। এর মধ্যেই আলোচনার আগুনে ঘি ঢাললো আইসল্যান্ড ক্রিকেট।
সামাজিক যোগাযোগমাধ্যমে আইসল্যান্ড ক্রিকেট ২০টি দলের একটি ভুয়া সূচি প্রকাশ করেছে, যেখানে ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশের নাম বাদ দিয়ে তারা নিজেদের নাম বসিয়ে দিয়েছে। মূলত ভারতের মাঠে বাংলাদেশের খেলা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাকে ব্যঙ্গ করতেই তাদের এই পোস্ট।
এদিকে বিসিবি ও আইসিসির মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভেন্যু না বদলালে বাংলাদেশের পয়েন্ট কাটা যেতে পারে। তবে বিসিবি এসব খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলটের নেতিবাচক মন্তব্যের পর ভেন্যু পরিবর্তনের দাবি জোরালো হয়। সবশেষ ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠকের পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দলের স্বার্থ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।