বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফজরের নামাজের পরপরই তার মৃত্যু হয় বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করে বলেন, ‘আম্মা আর নেই।’ একই সঙ্গে বিএনপির মিডিয়া সেল ও ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে তার রূহের মাগফিরাত কামনা করা হয় এবং সবার কাছে দোয়া চাওয়া হয়।
দীর্ঘদিন ধরেই বেগম খালেদা জিয়া হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট বাড়লে গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে তা সম্ভব হয়নি।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় জন্ম নেওয়া বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯১ সাল থেকে তিন দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান। ১৯৮২ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি কখনো কোনো নির্বাচনী আসনে পরাজিত হননি—এটি তার একটি অনন্য রেকর্ড।