News মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

সোশ্যাল শেয়ার

মদিনার মসজিদে নববীর সম্মানিত মুয়াজ্জিন শেখ ফয়সল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালের মাধ্যমে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ ও বিশ্বস্ত খাদেমকে হারাল।

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর কণ্ঠে প্রদত্ত আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের অসংখ্য মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।

‘ইনসাইড দ্য হারামাইন’-এর তথ্যমতে, ১৪২২ হিজরি (২০০১ খ্রিষ্টাব্দ) সালে তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। বংশপরম্পরায় এই সম্মানিত দায়িত্ব পালনের সৌভাগ্য তার অর্জনে ছিল।

তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সে এই মহান দায়িত্বে নিযুক্ত হন। শেখ ফয়সল নোমান ১৪২২ হিজরি থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত প্রায় ২৫ বছর নিষ্ঠার সঙ্গে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। তার ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল শেয়ার