News ওপারের যুদ্ধে এপারে লাশ, টেকনাফে উত্তেজনা

ওপারের যুদ্ধে এপারে লাশ, টেকনাফে উত্তেজনা

সোশ্যাল শেয়ার

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশের সীমান্তে আবারও ঝরল নিরীহ প্রাণ। টেকনাফের হোয়াইক্যং সীমান্তে ওপার থেকে আসা গুলিতে আফনান নামে দশ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত আফনান লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং জসিম উদ্দীনের মেয়ে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসার মধ্যে গত তিন দিন ধরে তীব্র লড়াই চলছে। এই সংঘর্ষের গোলাগুলি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ স্থানীয়রা কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তের ওপারে চলমান ভয়াবহ সংঘাতে এপারের সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।

সোশ্যাল শেয়ার