খাসিয়া (খাসি) সম্প্রদায়ের মানুষের পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জে। গত শনিবার মাগুরছড়ার খাসিয়াপুঞ্জিতে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবে খাসিয়া জনগোষ্ঠীর নারী–পুরুষ ও তরুণ–তরুণীরা নাচ–গান, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে উৎসব প্রাঙ্গণকে রঙিন করে তোলে। সম্প্রদায়ের লোকজন এই আয়োজনকে বছরের সবচেয়ে আনন্দঘন মিলনমেলা হিসেবে বিবেচনা করেন।
প্রতিবছরের মতোই স্থানীয় খাসিয়ারা ঐতিহ্যবাহী পোশাকে রঙিন শোভাযাত্রা ও নৃত্য পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান। দিনভর নানা আচার–অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মাগুরছড়ার খাসিয়াপুঞ্জিতে আয়োজিত এই উৎসব ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরাও এতে অংশ নিয়ে খাসিয়া জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য কাছ থেকে উপভোগ করেন।