যুদ্ধবিধ্বস্ত গাজা ও লেবাননে এবারও বিষাদ আর অনিশ্চয়তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। স্বজন হারানোর বেদনা, খাদ্যসংকট এবং ব্যাপক বাস্তুচ্যুতির মধ্যে দিন কাটছে সেখানকার মানুষের।
ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কেউ কেউ নামাজ শেষে কবর জিয়ারত করেছেন নিহত স্বজনদের। অনেক স্থানে নিরাপত্তা ঘিরে নামাজ আদায় করতে হয়েছে। গাজায় শিশুদের মুখে ছিল না স্বাভাবিক আনন্দের হাসি। কেউ ধ্বংসস্তূপের পাশে ছবি তুলেছে, কেউ আবার আশ্রয়কেন্দ্রে সীমিত আয়োজনের মধ্যে ঈদ কাটিয়েছে।
লেবাননের বিভিন্ন এলাকায় ঈদের জামাতে উপস্থিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া তল্লাশি চালানো হয়েছে। বাস্তুচ্যুত শিশুদের জন্য আশ্রয়কেন্দ্রে ছোট পরিসরে আয়োজন করা হলেও যুদ্ধের ছায়া কাটেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবেই এবারের ঈদ আনন্দের বদলে পরিণত হয়েছে বেদনার দিনে।