রাজধানীর শব্দদূষণ নিয়ন্ত্রণে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত ও জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও যুবসংগঠন ‘গ্রিন ভয়েস’-এর যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রিন ভয়েস এই তথ্য নিশ্চিত করেছে।
ক্যাম্পেইনের প্রথম দুই দিনে হর্ন বাজানোর দায়ে ১৮টি যানবাহনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব মোহছিনা আকতার বানু। তিনি জানান, শব্দদূষণ এখন মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা, যা মোকাবিলায় আইনের পাশাপাশি সচেতনতা জরুরি।
গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, শব্দদূষণ শ্রবণশক্তি ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করে, যা শিশু ও বৃদ্ধদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রেসক্লাব থেকে টিএসসি পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয়।
আগামী দিনগুলোতে আজিমপুর, নিউমার্কেট, নীলক্ষেত, আগারগাঁও, গুলশান-২ ও টিএসসিসহ নির্ধারিত ১০টি স্থানে গ্রিন ভয়েসের দেড় শতাধিক স্বেচ্ছাসেবী স্টিকার লাগানো ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করবেন। সমন্বিত এই প্রচেষ্টার মাধ্যমে একটি শব্দমুক্ত ও বাসযোগ্য ঢাকা গড়ার প্রত্যাশা করছেন আয়োজকরা।