প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “প্রত্যেকটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।”
শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় কক্সবাজার জেলার বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আরও বলেন, “শিক্ষার উদ্দেশ্য কেবল জিপিএ ফাইভ অর্জন বা ভালো ফলাফল করা নয়; এগুলো শিক্ষার একটি ক্ষুদ্র অংশ মাত্র। প্রকৃত শিক্ষার লক্ষ্য হলো শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো এবং তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।” তিনি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে অভিভাবকসহ সকল অংশীজনের সচেতনতার ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, এবং পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।