বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ব্যাটে-বলে দীর্ঘ সময় রাজত্ব করেছেন শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটেও। কিন্তু প্রশ্ন উঠছে—জাতীয় দলে কী শেষ হয়ে গেল সাকিব অধ্যায়?
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি জানিয়ে দিয়েছেন—সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ সাকিবকে দেওয়া সম্ভব নয়। এর আগে কয়েক দিন ধরে সাকিব ও আসিফের মধ্যে চলছিল ভার্চুয়াল লড়াই।
বিতর্কের সূত্রপাত একটি ফেসবুক পোস্ট থেকে। গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সাকিব নিজের সঙ্গে তার একটি ছবি পোস্ট করেন। এই পোস্টের পর থেকেই শুরু হয় রাজনৈতিক রঙ চড়ানো বিতর্ক।
আসিফ মাহমুদ অভিযোগ তুলেছেন—সাকিব আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। অন্যদিকে, সাকিব বারবার দাবি করেছেন তিনি রাজনীতির সঙ্গে জড়িত নন, শুধু নির্বাচনে অংশ নিয়েছিলেন এলাকার মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে। এখন প্রশ্ন হচ্ছে—বাংলাদেশের কোটি ভক্তদের কাছে সাকিবের এই অধ্যায়ের শেষটা কেমন লাগবে?