News চড়া সুদ কমবে না শিগগিরই, ইঙ্গিত সরকারের

চড়া সুদ কমবে না শিগগিরই, ইঙ্গিত সরকারের

সোশ্যাল শেয়ার

ব্যাংক ঋণের চড়া সুদের হার দ্রুত কমানোর কোনো সহজ পথ নেই—সাফ জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, সুদের হার একদিকে কমালে অর্থনীতির অন্য খাতে চাপ তৈরি হতে পারে, যা সামগ্রিক ভারসাম্য নষ্ট করার ঝুঁকি তৈরি করবে।

তার মতে, বর্তমানে ব্যাংকিং খাত মোটামুটি স্থিতিশীল থাকলেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সরবরাহ ব্যবস্থাপনার উন্নয়ন, কার্যকর বাজার তদারকি এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা। তিনি মূল্যস্ফীতিকে একটি সংবেদনশীল ও রাজনৈতিক ইস্যু হিসেবেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থসচিব, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশনের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ২০১৬ সাল থেকে প্রকাশিত ‘ব্যাংকিং অ্যালমানাক’ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অর্থ উপদেষ্টা আশাবাদ জানান, সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।

সোশ্যাল শেয়ার