দীর্ঘ বিরতি ও অস্থিরতার পর আবারও সাংস্কৃতিক আয়োজনে ফিরেছে ছায়ানট। রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শুদ্ধসংগীত উৎসব’। কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে উৎসর্গ করে শুক্রবার, ৯ জানুয়ারি জাতীয় সংগীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। প্রথম দিনের অধিবেশন চলে বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
আজ শনিবার সমাপনী দিনে রয়েছে দুটি অধিবেশন, যা শেষ হবে রাত সাড়ে ৯টায়। উদ্বোধনী ভাষণে ছায়ানট সভাপতি সারওয়ার আলী নিরাপদ ও নির্বিঘ্ন সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ছায়ানট ভবনে ভাঙচুর চালানো হলে নিরাপত্তার স্বার্থে সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ১ জানুয়ারি থেকে দাপ্তরিক এবং ৩ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই ‘শুদ্ধসংগীত উৎসব’-এর মধ্য দিয়েই বড় পরিসরে আবারও সাংস্কৃতিক পথে ফিরল ছায়ানট।