News স্পনসর সংকটে বাতিল সুপার কাপ: ঘরোয়া ফুটবলে বড় ধাক্কা

স্পনসর সংকটে বাতিল সুপার কাপ: ঘরোয়া ফুটবলে বড় ধাক্কা

সোশ্যাল শেয়ার

মাঠের ফুটবলে জাতীয় দল ছন্দে থাকলেও ঘরোয়া ফুটবলের অব্যবস্থাপনা ও আর্থিক সংকট প্রকট হয়ে উঠেছে। পৃষ্ঠপোষক না পাওয়ায় চলতি মৌসুমের সূচি থেকে আলোচিত ‘সুপার কাপ’ টুর্নামেন্টটি বাদ দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (৭ জানুয়ারি) বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, একটি বড় টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে থাকলেও শেষ মুহূর্তে তারা অপারগতা প্রকাশ করে। কোটি টাকা বাজেটের এই টুর্নামেন্টটি মধ্যবর্তী দলবদলের সময় আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নতুন স্পনসর খুঁজে পাওয়া এবং সূচি সমন্বয় করা বর্তমান পরিস্থিতিতে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ফলে টুর্নামেন্টটি আগামী মৌসুমের জন্য স্থগিত করা হয়েছে।

বাফুফে চলতি মৌসুমে পাঁচটি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিলেও এখন চারটি টুর্নামেন্ট সম্পন্ন করাই লক্ষ্য। ইতিমধ্যে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ এবং পেশাদার লিগ মাঠে গড়িয়েছে। ২০০৯, ২০১১ ও ২০১৩ সালে দারুণ জনপ্রিয় হওয়া সুপার কাপ দীর্ঘ সময় পর ফেরার কথা থাকলেও ফের অনিশ্চয়তায় পড়ল। মাঠের পারফরম্যান্স উজ্জ্বল হওয়া সত্ত্বেও বড় কোম্পানিগুলোর স্পনসরশিপে অনীহা বাফুফের নীতিনির্ধারণী ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।


সোশ্যাল শেয়ার