আন্তর্জাতিক স্প্যানিশ সুপার কাপ: বিলবাওকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা

স্প্যানিশ সুপার কাপ: বিলবাওকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা

সোশ্যাল শেয়ার

জেদ্দার মাঠে বুধবার রাতে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল হান্সি ফ্লিকের বার্সেলোনা। আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে বিধ্বস্ত করে দাপটের সাথে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পা রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। কৌশলী বার্সা এদিন ইয়ামাল ও লেভানদোভস্কিকে বেঞ্চে রেখে মাঠে নামলেও দাপটে কোনো কমতি ছিল না।

ম্যাচের শুরু থেকেই ছিল কাতালানদের একক আধিপত্য। ১৬ মিনিটের ঝড়ে ৪ গোল করে প্রথমার্ধেই বিলবাওকে ম্যাচ থেকে ছিটকে দেয় তারা। ২১ মিনিটে ফেররান তরেসের গোলে শুরু, এরপর ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফের্মিন লোপেস। ৩৪ মিনিটে রুনি বার্দগি জালের দেখা পেলে স্কোরলাইন হয় ৩-০। এর চার মিনিট পরই রাফিনিয়া করেন দলের চতুর্থ গোল। স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধে চার গোলের রেকর্ড গড়ে বার্সেলোনা।

বিরতির পর ৫২ মিনিটে রাফিনিয়া নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন। বল দখলের লড়াইয়ে ৮০ শতাংশ সময় আধিপত্য রাখা বার্সেলোনা শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে আগামী রবিবার ফাইনালে লড়বে বার্সা।


সোশ্যাল শেয়ার