News হজে যেতে চাইলে এখনই স্বাস্থ্য পরীক্ষা, নইলে টিকা নয়

হজে যেতে চাইলে এখনই স্বাস্থ্য পরীক্ষা, নইলে টিকা নয়

সোশ্যাল শেয়ার

২০২৬ সালের হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৫ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক।

এই পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই হজযাত্রীদের টিকা প্রদান করা হবে। নির্ধারিত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—ইউরিন আরএমই, র‍্যান্ডম ব্লাড সুগার, এক্স-রে চেস্ট, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর এবং ব্লাড গ্রুপিং। এছাড়া কারও হৃদরোগ, কিডনি জটিলতা, লিভার সিরোসিস বা ফুসফুসজনিত সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইকো, আল্ট্রাসনোগ্রাম বা সিটি স্ক্যানের মতো অতিরিক্ত পরীক্ষা করাতে হবে।

হজযাত্রীদের টিকা কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি সঙ্গে রাখতে হবে। মেডিকেল টিমের মাধ্যমে টিকা গ্রহণ শেষে সংগ্রহ করতে হবে স্বাস্থ্য সনদ। যেকোনো প্রয়োজনে হজের কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবছর বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।

সোশ্যাল শেয়ার