ফেনী থেকে চাঞ্চল্যকর এক ঘটনা। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষ—যেখানে হওয়ার কথা জীবন বাঁচানোর লড়াই, সেখানেই চলছিল রান্না! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওটির ভেতরে চিকিৎসা সরঞ্জামের পাশেই গ্যাসের চুলায় শীতের পিঠা তৈরি করছেন দুই নার্স। পাশেই প্রসূতিদের অস্ত্রোপচার কক্ষ, এমনকি বহিরাগতদের অবাধ যাতায়াতও চোখে পড়েছে।
এই ঘটনায় রোববার, ১১ জানুয়ারি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আদেশে সাময়িক বরখাস্ত করা হয়েছে নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদারকে। অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত আদেশে বলা হয়, ওটির ভেতরে রান্না করা চরম দায়িত্বহীন ও শৃঙ্খলাবিরোধী কাজ, যা নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তদন্ত চলাকালে তারা খোরপোশ ভাতা পাবেন। ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা চলছে সর্বত্র।