ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক চূড়ান্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। তাদের প্রাপ্ত ভোট ৪৯ দশমিক ৯৭ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যারা পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।
তৃতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা, তাদের প্রাপ্ত ভোট ৫ দশমিক ৭৯ শতাংশ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৭০ শতাংশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ ভোট।
এ ছাড়া অন্যান্য ছোট দলগুলোর ভোটের হার ১ শতাংশের নিচে। উল্লেখযোগ্যভাবে, ১৯৯টি আসনে প্রার্থী দিয়েও জাতীয় পার্টি পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের স্বচ্ছতা ও পরিসংখ্যানগত নির্ভুলতা নিশ্চিত করতেই দলভিত্তিক এই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।