News শাহবাগ মোড় অবরোধ করেছে ৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা

শাহবাগ মোড় অবরোধ করেছে ৫ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা

সোশ্যাল শেয়ার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেলভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি পাঁচ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে মিছিলসহ তারা শাহবাগে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এ মোড়ের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি—স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো বজায় রাখতে হবে।

ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ‘স্কুলিং মডেল চালু হলে আমাদের পাঁচ কলেজে উচ্চমাধ্যমিকে আর কোনো অস্তিত্ব থাকবে না। তাই এ পদ্ধতি বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। খসড়া প্রকাশের পরও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় তারা আজ শিক্ষা ভবনের দিকে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীদের অভিযোগ—দ্রুত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তা দূর হচ্ছে না।

শনিবার আন্দোলনকারীদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ এবং তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ আরও বেড়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গুজবে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

সোশ্যাল শেয়ার