৩০ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) মেলার উদ্বোধন করা হয়েছে।
ইপিবি জানায়, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন স্পেস অনলাইনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীরা অন-স্পট টিকিট কেনার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করতে পারবেন।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, দর্শনার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস চালু থাকছে। পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ রাইড শেয়ারিং সেবাও যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলা প্রথমে ১ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
আয়োজকরা আশা করছেন, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল টিকিটিং ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ সুবিধার কারণে এবারের মেলায় দর্শনার্থী ও ব্যবসায়ীদের অংশগ্রহণ আরও বাড়বে।