News ৩৪ বছর পর যেখানে হবে বিশ্ব ইজতেমা

৩৪ বছর পর যেখানে হবে বিশ্ব ইজতেমা

সোশ্যাল শেয়ার

দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। হুগলি জেলার ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে শুরু হওয়া এ ইজতেমা চলবে ৫ জানুয়ারি দুপুর পর্যন্ত। প্রায় ৬০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে আয়োজিত এই ধর্মীয় জমায়েতে ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানায়, ইজতেমায় আগত মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নেন প্রায় ১০ থেকে ১২ লাখ মুসল্লি। স্বাস্থ্যসেবার জন্য ইজতেমা ময়দানের আশপাশে ১৭০ শয্যাবিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হয়েছে, যেখানে সার্বক্ষণিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।

নেপালের বিরাটনগর থেকে আগত মুসল্লি কামাল উদ্দিন বলেন, তিনি এর আগে বিভিন্ন স্থানে পাঁচটি ইজতেমায় অংশ নিয়েছেন এবং ধর্মীয় বয়ান শোনার জন্য বারবার ইজতেমায় আসেন। ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র জানান, ইজতেমা উপলক্ষে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই—এ বিষয়ে সব ধর্মপ্রাণ মানুষের দৃষ্টিভঙ্গি এক।

সোশ্যাল শেয়ার