News  মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৭ ডিগ্রি 

 মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৬.৭ ডিগ্রি 

সোশ্যাল শেয়ার

নওগাঁ জেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে বুধবার (৭ জানুয়ারি) জেলাটিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস , যা এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।

বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, কুয়াশা কিছুটা কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বহুগুণ বেড়ে গেছে। গত তিন সপ্তাহ ধরে চলা এই বৈরী আবহাওয়ায় নওগাঁর জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র ঠাণ্ডার কারণে বোরো ধানের চারা রোপণসহ কৃষি কাজ ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, গত তিন দিন ধরে জেলাজুড়ে একই পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে এই মাঝারি শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। হঠাৎ আসা এই তীব্র শীতে শহর ও গ্রাম—উভয় অঞ্চলেই সাধারণ মানুষের স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে হিমশিম খাচ্ছে।


সোশ্যাল শেয়ার