শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে আত্মিক বন্ধন আরও দৃঢ় করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। প্রিয় ক্লাবের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। গত জানুয়ারিতে ইউরোপীয় অধ্যায় চুকিয়ে সান্তোসে ফেরার পর এটি তার ক্যারিয়ারের নতুন এক মাইলফলক।
২০২৫ সালকে জীবনের অন্যতম চ্যালেঞ্জিং সময় হিসেবে উল্লেখ করে নেইমার জানান, সমর্থকদের ভালোবাসা তাকে প্রতিকূলতা জয়ের শক্তি জুগিয়েছে। ইনজুরি কাটিয়ে ফেরা এবং দলকে রেলিগেশনের হাত থেকে রক্ষা করার লড়াইয়ে তিনি ছিলেন অদম্য। তবে ডিসেম্বরে আবারও হাঁটুর পুরোনো চোটে অস্ত্রোপচার করাতে হওয়ায় বর্তমানে তিনি মাঠের বাইরে আছেন। ২০২৩ সালের সেই এসিএল ইনজুরির পর থেকে জাতীয় দলের জার্সিতে তাকে আর দেখা যায়নি।
তবে দমে যাওয়ার পাত্র নন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মূল লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ। কোচ কার্লো আনচেলত্তিও সবুজ সংকেত দিয়ে রেখেছেন—ফিট থাকলে নেইমার থাকছেন দলে। গত মৌসুমে ৩৪ ম্যাচে ১১ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। আগামী ১০ জানুয়ারি সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের মাধ্যমে সান্তোসের নতুন মৌসুম শুরু হবে। নিজের চিরচেনা ঠিকানায় বাকি স্বপ্নগুলো পূরণ করতে মুখিয়ে আছেন এই তারকা।